সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্র হামলাস্থল পরিদর্শন করতে যাওয়া জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলের গাড়িবহরে গুলি চালিয়েছে অজ্ঞাত আততায়ীরা। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গাড়িবহরের মধ্যে একটি গাড়িকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়া হয়। এই গুলিবর্ষনের পর পরিদর্শক দল ফিরে যেতে বাধ্য হয়। সিরিয়ার সরকার এই হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে। তবে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে অস্ত্র পরিদর্শক দল পরে আরেকটি জেলায় তাদের কার্যক্রম শুরু করেন।
জাতিসংঘের এক মুখপাত্র জানান, বাফার জোন এলাকায় রাসায়নিক অস্ত্র পরিদর্শক দলের গাড়িবহরের প্রথম গাড়িটি লক্ষ্য করে কয়েকবার গুলি চালায় স্নাইপাররা। এতে করে গাড়িটি অকেজো হয়ে পড়ে। পরিদর্শকরা দ্রুত ফিরে যেতে বাধ্য হন। দামেস্কের উপকণ্ঠে গত ২১ আগস্টে চালানো একটি রাসায়নিক অস্ত্র হামলাস্থল পরিদর্শনে যাওয়ার চেষ্টায় ছিল জাতিসংঘ দলটি। ওই রাসায়নিক হামলায় সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। তাদের দাবি, সিরিয়া সরকার বিদ্রোহ দমনের জন্য এই ‘গণহত্যা’ চালিয়েছে। এই হামলার পর গোটা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ব্যাপারে একমত হয়েছে।
সিরিয়া সরকার রবিবার জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদেরকে ওই স্থানে তদন্ত চালাতে দিতে রাজি হওয়ার পর সেখানে রওনা দিয়েছিলেন পরিদর্শকরা। ২০ সদস্যের তদন্ত দল রাসায়নিক অস্ত্র হামলার তিনটি ঘটনা খতিয়ে দেখতে গত ১৮ আগস্ট থেকে দেশটিতে অবস্থান করছে। ল্যাবটেস্টের জন্য ৫ টি স্থান থেকে মাটি, রক্ত, মূত্র এবং টিস্যুর নমুনা সংগ্রহ করবেন তারা।
আসাদের হুমকি : রাশিয়ার একটি পত্রিকায় গতকাল সোমবার প্রকাশিত এক সাক্ষাত্কারে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বলেছেন, ভিয়েতনাম থেকে শুরু করে আজ পর্যন্ত সব যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে পরাজিত হয়েছে ঠিক একইভাবে আরো পরাজয় তার জন্য অপেক্ষা করছে। সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি সংক্রান্ত খবর সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে একথা বলেন আসাদ। এছাড়া, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও নাকচ করেছেন তিনি। আসাদ বলেন, দামেস্ক সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে -এ ধরনের অভিযোগ কান্ডজ্ঞানহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
