আন্দোলনে যাচ্ছে ছিটমহলবাসী

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২৩:১১
ভারতের বিজেপি’র মুখপাত্র ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তীব্র বিরোধিতায় স্থল সীমান্ত চুক্তি বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ছিটমহলবাসী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনে তারা ২ দেশের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক আদালতে যাবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি ভারতের রাজ্য সভায় ল্যান্ড বাউন্ডারি এ্যাগ্রিমেন্ট বিল উত্থাপনে রাজনৈতিক দল বিজেপি প্রথমাবস্থায় বাধা দেয়ায় তা উত্থাপিত হয়নি। পরবর্তী সময়ে তারা তাদের অবস্থান থেকে সরে আসলে আশার সঞ্চার হয়। বিলটি গত ২১ আগস্ট পুনরায় উত্থাপিত হওয়ার কথা ছিল জানতে পেরে আশায় বুক বাধে ছিটমহলবাসী। বিল উত্থাপনের পূর্ব মুহূর্তে দ্বিতীয়বার তৃণমুল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত শনিবার রাতে ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে লেখা স্ট্যাটাসে স্পষ্ট জানিয়ে দেন স্থল সীমান্ত চুক্তি তিনি মানবেন না। তিনি তার স্ট্যাটাসে লেখেন, রাজ্যের জমি বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে কেন্দ্র। অন্যদিকে বিজেবি মুখপাত্র সুষমা স্বরাজ স্থল সীমান্ত চুক্তির কঠোর বিরোধিতা ও কূটনৈতিক নীতি বিবর্জিত মন্তব্য করেন। তাদের কঠোর, অনমনীয় মনোভাব এবং তীব্র বিরোধিতায় স্থল সীমান্ত চুক্তির ভবিষ্যত্ অন্ধকারে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ভারতের রাজ্য সভার দিকে তাকিয়ে আমরা আশায় ছিলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি মুখপাত্রের কঠোর ও অনমনীয় মনোভাবের কারণে আমরা আশাহত। আমরা আন্দোলনের পাশাপাশি ২ দেশের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।