ভারতের আসামে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল সোমবার রাজ্যের চাচাড় জেলার রংপুরে এই ঘটনা ঘটে। বিক্ষোভকারী জনতা রাস্তায় গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ শুরু করলে তাদের থামাতে পুলিশ প্রথমে লাঠিচার্জ এবং পরে গুলিবর্ষণ করে। দাঙ্গা কিংবা বিশৃঙ্খলা এড়াতে জেলা প্রশাসন সেনাবাহিনীকে সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। খবর পিটিআইয়ের।
সূত্র জানায়, রংপুরে তিনটি পূজার স্থানে ‘আপত্তিকর বস্তু’ পাওয়া গেছে এমন গুজব ছড়িয়ে পড়ার পর লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারা ব্যাপক গাড়ি ভাংচুর, পাথর নিক্ষেপ এবং অগ্নিসংযোগ করতে থাকে। বড় ধরনের দাঙ্গা ঠেকাতে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ প্রথমে হাল্কা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরে যেতে বলে। কিন্তু তারা আরো বেপরোয়া হয়ে ধ্বংসযজ্ঞ শুরু করে। একপর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালালে পুলিশ গুলিবর্ষণ করে। আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
