আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেয়া আছে। আর এ (অন্তর্বর্তী) সরকারের রূপরেখা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা যায়। তিনি বলেন, সবার সাথে আলোচনার মাধ্যমে যে গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে সেটি সবার গ্রহণ করা উচিত। আলোচনার মাধ্যমে যে কোন সমস্যার সমাধান সম্ভব বলে তিনি জানান। গতকাল সোমবার ঢাকার রূপসী বাংলা হোটেলে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাউন্টার টেরোরিজম ব্যুরো এবং যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের ওভারসিস প্রসিকিউটরিয়াল, ডেভেলপমেন্ট, এসিস্টেন্স এন্ড ট্রেনিং দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সার্ক রিজিওনাল জুডিসিয়াল কনফারেন্স অন মানি লন্ডারিং এন্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং’ শীর্ষক তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ৭২’র সংবিধানেও অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেয়া ছিল। বর্তমান সংবিধানের ৫৬ ও ৫৭ অনুচ্ছেদে অন্তর্বর্তী সরকার সম্বন্ধে বলা আছে। বিনা কারণে এ নিয়ে বিতর্ক সৃষ্টির প্রয়োজন আছে বলে মনে করি না।
সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, গুয়ামের সুপ্রীম কোর্টের বিচারপতি রবার্ট জে. টোরেস, যুক্তরাষ্ট্রের টেক্সাস ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোর্ট জজ ফ্রাঙ্ক মনটালভো বক্তব্য রাখেন। সম্মেলনে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের বিচারকরা অংশ গ্রহণ করেছেন।
