কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক আজ

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২৩:১২
বাংলাদেশে অবস্থানরত প্রভাবশালী চৌদ্দ রাষ্ট্রের কূটনীতিক ও উন্নয়ন দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদ নির্বাচনের আগে এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে সকাল ১১টায় বৈঠক শুরু হবে। নির্বাচনের বড় সহযোগী বিভিন্ন দাতা সংস্থার পরামর্শ চাওয়ার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, আমাদের অনেক কাজে ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে অনেক দেশ সহযোগিতা করে থাকে। মঙ্গলবারের বৈঠক তারই ধারাবাহিকতার একটি অংশ। তিনি বলেন, ‘গত নির্বাচনগুলোর তুলনায় এবার আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই হিসাবে কেন্দ্রের সংখ্যা বাড়বে। তাই ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও সিলসহ অন্যান্য উপকরণ নিয়ে আমরা তাদের থেকে পরামর্শ নেব এবং উপকরণ সরবরাহের ব্যাপারে কথা বলবো। বৈঠকে আমন্ত্রণ জানানো বিভিন্ন রাষ্ট্রদূত ও সংস্থাগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অষ্ট্রেলিয়া, জাপান, রিপাবলিক অব কোরিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, জাতিসংঘ/ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।