রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল তুহিনের হাত ও পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ৪ দিন পর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক শাওন সরকার গতকাল সোমবার সকাল ১১ টার দিকে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়াসহ ১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী মহানগর ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল মাসুম গত রবিবার রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে এ হামলার দায় স্বীকার করেন।
বিশ্ববিদ্যালয়ের আমীর আলী আবাসিক হলের পাশের রাস্তায় গত বৃহস্পতিবার রাতে রাবি শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের হাত-পায়ের রগ কেটে দেয় শিবির কর্মীরা। এ সময় হাতবোমা ফাটানো হলে এ মামলার বাদি শাওন সরকার আহত হন।
