ভারতের মুম্বাইয়ে তরুণী ফটোসাংবাদিক গণধর্ষনের ঘটনায় গতকাল ক্ষোভে উত্তাল হয়ে ওঠে লোকসভা। সরকারি এবং বিরোধী দলীয় এমপিরা সমস্বরে ধর্ষকদের ফাঁসির দাবি করেন। অভিযুক্তদের দ্রুতবিচারের আওতায় কঠোর সাজা দেয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে লোকসভায় সকলকে আশ্বস্ত করেন।
এর আগে পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা সুষমা স্বরাজ ক্ষুব্ধ কণ্ঠে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রীর কাছে জানতে চান এই পিশাচদের বিচার করার জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়েছে কিনা। তিনি দিল্লিতে সংঘটিত আরেকটি ধর্ষনের কথা উল্লেখ করে বলেন, এখনো ওই মামলার রায় হলো না। তিনি বলেন, মুম্বাইয়ে যে পশুরা ওই তরুনীকে ধর্ষন করেছে দ্রুত তাদের দু’ একটিকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করুন। তাহলে দেখবেন এই ঘটনা থেমে গেছে। তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে অন্য এমপিরা টেবিল চাপড়ে স্বাগত জানান এবং তার সঙ্গে একমত পোষণ করেন। মন্ত্রী নিজেও এই ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্ত সকলকেই গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী এক পুরুষ সহকর্মীর সঙ্গে মুম্বাইয়ের লোয়ার প্যারেল এলাকায় মহালক্ষ্মী রেল স্টেশনের কাছে শক্তি মিল নামে একটি পরিত্যক্ত জুটমিলের খবরের ছবি তোলার জন্য গেলে ওই পাঁচ দুর্বৃত্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতাকে একটি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। এখন তার অবস্থা উন্নতির দিকে।
