জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের কোনো রকম জঙ্গি কার্যকলাপ বিএনপি সমর্থন করে না। করবেও না। সোমবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাসকে ধর্ম থেকে পৃথক করা’ শীর্ষক এক আলোচনাচক্রে একথা বলেছেন বিরোধী দলনেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিএনপি নেতা ড. ওসমান ফারুক।
সেন্টার ফর রিসার্চ ইন ইন্দো-বাংলাদেশ রিলেশনস আয়োজিত আলোচনাচক্রে তিনি বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক রয়েছে। রাজনৈতিক ইস্যুতে আমরা এক সঙ্গে চলছি মাত্র। তিনি বলেন, ক্ষমতায় আসলে বিএনপি বাংলাদেশে ভারতীয় জঙ্গিদের উপস্থিতি সহ্য করবে না ।
অনুষ্ঠানে দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আশা করেছিলাম স্থল সীমান্ত চুক্তি হয়ে যাবে। হলো না। তিস্তা চুক্তির বিষয়েও পশ্চিমবঙ্গ সরকার এখনও সম্মতি দেয়নি। তবু আমরা আশাবাদী। ডিপ্লোমেটিক চ্যানেলে আলোচনা চলছে। চুক্তি দুটির বিষয়ে পশ্চিমবঙ্গের সহযোগিতা আশা করছি। অনুষ্ঠানে ছিলেন এম পি আমির হোসেন আমু প্রমুখ।
