শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই জাতিকে শিক্ষার আলো দেখাতে ১৯১৬ সালে স্থাপিত হয় নেত্রকোনা জেলার পূর্বধলা জে.এম. পাইলট উচ্চ বিদ্যালয়। স্কুলের ইতিহাসে দেখা যায় জমিদার শ্রীনাথ সিংহের পুত্র শ্রীমন্ত সিংহ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরে সিংহ পরিবারের সদস্য প্রসন্ন চন্দ্র সিংহ প্রচুর অর্থ দান করায় তাঁর মা’র নামে বিদ্যালয়ের নামকরণ হয় জগত্মনি বিদ্যালয়। যা পরে জে.এম. পাইলট উচ্চ বিদ্যালয় নামে পরিচিত হয়।
বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে চৌদ্দশ’। প্রথম প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন প্রমথ সান্ন্যাল। আর বর্তমান প্রধান শিক্ষক সুধাংশ শেখর তালুকদার। তাঁর যোগ্য নেতৃত্বে ২০১১ ও ২০১৩ সালে এস.এস.সি’তে শতভাগ শিক্ষার্থী পাস করে। আর জে.এস.সি.তেও উল্লেখযোগ্য সাফল্য বিদ্যালয়টির। আবার ২০১৩ সালে নেত্রকোনায় প্রথম স্থান অধিকার করে। খেলাধুলায় সাফল্যও কম নয়। ২০১৩ সালে ব্যাডমিন্টনে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হয়। তাছাড়া নাটক ও বিতর্কে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসামান্য সাফল্য। আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান সমন্বয়কারী আবদুল হান্নান এবং শিক্ষক চিকিত্সক আইনবিশারদসহ বিভিন্ন খ্যাতিমান শিক্ষার্থী এই স্কুলে পড়াশোনা করেছেন।
আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তবুও জাতীয় দিবসগুলো সুষ্ঠুভাবে উদযাপন করা হয়। বিদ্যালয়কে ভালোবাসি। যুগে যুগে আরো খ্যাতিমান মানুষ তৈরি করবে বিদ্যালয়টি এটিই প্রত্যাশা ছাত্র-ছাত্রী ও সকলের।
