নজরুল
অন্নদাশঙ্কর রায়
ভুল হয়ে গেলে বিলকুল
আর সব কিছু ভাগ হয়ে গেছে
ভাগ হয়নি কো নজরুল
এই ভুলটুকু বেঁচে থাক
বাঙালি বলতে একজনই আছে
দুর্গতি তার ঘুচে যাক।
সংকলিত
----
রবি-নজরুল
বেলাল মোহাম্মদ
রাত গেলে আসে দিন
পৃথিবীতে প্রতিদিন
আলো দেয় তাল দেয়
আকাশের রবি—
দিনরাত চিরদিন
আলো যার অমলিন,
তিনি কবি রবি।
শীত গেলে ফুল বনে
নতুনের আবহনে
তান ধরে গান করে
পিক-বুলবুল—
ষড়ঋতু মহাকাল
ধরে রাখে সুরতাল
গীতিকার সুরকার
কবি নজরুল।
রচনা :১৯৯০
---
আসতে ফিরে
শওকত আরা বেগম
পঙ্খীরাজের পাখায় চড়ে
উদয় রবির সোনার ভোরে
দেশের মায়ায় মাটির টানে
মুক্ত হাওয়ায় স্বাধীন প্রাণে
তুমি যদি আসতে ফিরে
মধুমতি নদীর তীরে
সপ্তডিঙ্গা নায়
টুঙ্গিপাড়া গাঁয়—
কুলুকুলু বইতো নদী
উল্লাসেতে নিরবধি
তোমায় বিনে নদীতো নিষ্প্রাণ
নাচে নাতো ফড়িং কাশে
ভাসে না সুর ভোর বাতাসে
সবুজ পলি ছড়ায় না তার ঘ্রাণ
আসতে ফিরে যদি তুমি
ফুল ফসলে হাসতো ভূমি
উঠতো জেগে বীর বাঙালির প্রাণ।
---
নজরুল
এ.কে.এম শহীদুর রহমান
বাংলার বুলবুল
আমাদের নজরুল।
হাসি তাঁর
বাঁশি তাঁর
বিশ্বের জনতার—
নেই তাঁর সমতুল।
‘বলবীর,
তোলশির
ভেঙে ফেল জিঞ্জির—
সংগ্রাম আজাদীর।’
গতি ফের,
বিদ্রোহের
বিদ্রোহী নজরুল—
নেই তাঁর সমতুল।
---
ঝড়
গোলাম নবী পান্না
চেতনাকে জাগালেন লিখে ক্ষুরধার
সুরের ঢেউয়ে ভাসে এপার-ওপার।
নন্দিত সুর তাঁর ছন্দিত গান,
সুরে সুরে জুড়ে যায় শ্রোতাদের প্রাণ।
কবিতায় তুললেন ‘বিদ্রোহী’ ঝড়,
সত্যের পথে তিনি ছিলেন অনড়।
---
কাক ও নানা
আসলাম প্রধান
আকাশ থেকে
কাক ফেলেছে
টেকো মাথায় কী যে
ঠেকলো ভিজে ভিজে!
আয়নাতে যে
পরখ করে
দেখলো নানা নিজে।
হাতে নিয়ে গন্ধ নিলো নাকে
বললো, এ যে খয়েরমাখা চুন
পানসুপারি খায় কি তবে কাকে?
তিনটে নাতি শুনে হেসেই খুন!
==
কবি নজরুল
ফরিদা ইয়াছমিন সাথী
সদস্য নম্বর: ৩২৩৬
মনের মাঝে নিত্য ফোটে
রঙিন রঙিন ফুল,
বাংলাদেশের জাতীয় কবি
কাজী নজরুল।
ভাদ্র মাসের বারো তারিখ
অস্তে গেলেন কবি,
শিউলি ফুলের মালা নিয়ে
আঁকি তোমার ছবি।
