শেয়ারবাজারে কিছু কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখবে বিএসইসি

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ১৯:৪৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিং, সিভিও পেট্রোকেমিক্যাল, তাল্লু স্পিনিং এবং বঙ্গজ লিমিটেডের শেয়ার দর সামপ্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ ৪ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কারো যোগসাজশ রয়েছে কিনা খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন-বিএসইসি’র উপ-কমিশনার শামসুর রহমান ও সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান। গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। গত মঙ্গলবার কমিশনের ৪৯০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শর্ট সেল করায় ডিএসই’র স্টক ব্রোকার সালতা ক্যাপিটাল লিমিটেডকে কমিশন ৫ লাখ টাকা জরিমানা করেছে। গত ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিল ইস্টার্ন ব্যাংকের শেয়ার লেনদেনে প্রতিদিন ১ লাখ করে ৩ লাখ শেয়ার শর্ট সেল করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি। এদিকে গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯০ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৭৭৭ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৮৭ কোটি ৭৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি রয়েছে। ফলে এদিন দেশের সরকারি-বেসরকারি সকল ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।