ছয় মাসে এসএমই ঋণে লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ অর্জন

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ১৯:৪৪
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে প্রতিনিয়তই ঋণ বিতরণের পরিমাণ বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এ খাতে ঋণ বিতরণে লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ অর্জন করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ ধারা বজায় থাকলে বছর শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি ও উত্পাদনশীল খাতে ঋণ বেশি দেয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক গুরুত্ব দিলেও সবচেয়ে বেশি ঋণ যাচ্ছে শিল্প খাতে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, আলোচ্য সময়ে ৭৪ হাজার ১৮৬ কোটি ৮৭ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ জুন শেষে বিতরণ করেছে ২২ হাজার ৪৯৬ কোটি ৫৭ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর এসএমই ঋণ বিতরণে প্রবৃদ্ধি হয়েছে ৩ হাজার ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে সবচেয়ে বেশি এসএমই ঋণ দেয়া হয়েছে শিল্প খাতে। এ খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬২ কোটি ৭৭ লাখ টাকা। এরপর দেয়া হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তা খাতে। ক্ষুদ্র উদ্যোক্তাদের বিতরণকৃত ঋণের পরিমাণ হচ্ছে ১১ হাজার ৪৭৮ কোটি ২৭ লাখ টাকা। এছাড়া উত্পাদনশীল খাতে ৬ হাজার ৫৪০ কোটি ৯৩ লাখ এবং সেবা খাতে এক হাজার ১৯২ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আর এ সময়ে সবচেয়ে কম ঋণ বিতরণ করা হয়েছে নারী উদ্যোক্তা খাতে। এ খাতে মাত্র ৮৮৯ কোটি ৮২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসএমই খাতে নারী উদ্যোক্তাদের প্রাধান্য দেয়ার কথা বলা হলেও ঋণ প্রাপ্তিতে এরা প্রায় প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ও সহজ শর্তে ঋণ দেয়ার নির্দেশ দিলেও বাণিজ্যিক ব্যাংকগুলো তাতে তেমন কোন সাড়া দিচ্ছে না বলে সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ প্রাপ্তি সহজীকরণ, প্রতিবন্ধকতা এবং দীর্ঘসূত্রতা দূর, ব্যাংক ঋণের পরিমাণ বৃদ্ধি এবং সুদের হার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। ফলে শিগগিরই এ সমস্যা সমাধান হবে। এসএমই ঋণের বেশিরভাগ যাতে উত্পাদনশীল খাতে যায় সেজন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।