গাজীখালী নদীর পানি বিষাক্ত হয়ে গেছে

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২০:৪৬
দেশের নদ-নদী এখন বর্ষার পানিতে পূর্ণ থাকলেও ধামরাইয়ের গাজীখালী নদীর চিত্র ভিন্ন। উজানে বালু জমে ভরাটের কারণে ধলেশ্বরীর শাখা ধামরাইয়ের ‘গাজীখালী’ নদীতে বর্ষার পানি ঢুকতে পারেনি। নদীটির বুক জুড়ে রয়েছে বিষাক্ত পানিতে ভাসমান কচুরিপানা। নদী নয়তো যেন বদ্ধ জলাশয়। কল-কারখানার বর্জ্য মিশে নদীর পানি বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। কৃষি বা গৃহস্থালি কাজে কেউ আর এ পানি ব্যবহার করতে পারছে না। নদীর মাছ মরে গেছে। পানি গায়ে লাগা মাত্রই দেখা দেয় চর্মরোগ। দূষিত পানির দুর্গন্ধে নদী তীরবর্তী হাজার হাজার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মুখ বন্ধ হওয়ায় বর্ষার পানি ঢুকতে না পেরে প্রবাহ বন্ধের কারণে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। নদী তীরবর্তী কয়েক লাখ মানুষের দুর্ভোগ দূরীকরণে মৃতপ্রায় গাজীখালীকে রক্ষার জন্য একান্ত প্রয়োজন। এজন্য নদীর উজানের দিকটা খনন করা জরুরি হয়ে পড়েছে।