পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৮

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২০:৫২
সোমবার দেশের কয়েকস্থানে দুর্ঘটনায় চারজন নিহত ও সাতজন আহত হয়েছে।—খবর ইত্তেফাক অফিস জেলা প্রতিনিধি ও থানা সংবাদদাতাদের কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে দ্রুতগামী একটি ট্রাক থেকে পড়ে কাউছার (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউছার ওই গ্রামের আবদুল মতিনের পুত্র। মুরাদনগর থানার ওসি আমিরুল আলম জানান, মালবাহী একটি ট্রাক রায়তলা গ্রামের সড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় ট্রাকের ওপর বসে থাকা কাউছার ট্রাক থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার কাউছার মারা যায়। খুলনা অফিস ও ডুমুরিয়া খুলনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। ঘটনা ঘটেছে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কে। পুলিশ জানায়, ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কৃষক বাবুল হাওলাদার সোমবার অনুদানের টাকা নিতে মেছোঘোনা গ্রামে ব্র্যাক অফিসে আসেন। তিনি অন্য কৃষকের সঙ্গে অনুদানের টাকা নিয়ে বাড়ি যাওয়ার জন্য দুপুর আড়াইটার দিকে ব্র্যাক অফিসের সামনে খুলনা-সাতক্ষীরা সড়কের পাশে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি মোটর সাইকেল পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলে নিহত এবং মোটর সাইকেল চালক একই উপজেলার চিংড়া গ্রামের আসাদুল শেখসহ মোটর সাইকেলের অপর দুই যাত্রী আহত হয়। নিহত বাবুল হাওলাদার ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের নিজাম হাওলাদারের ছেলে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা নীলফামারী সৈয়দপুর উপজেলার ঢেলাপীর-কালারবাজার সড়কের হুগলীপাড়ায় আখ বোঝাই পাওয়ার টিলার আমিনুল ইসলাম (৪৫) নামে এক আখ ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনাটি ঘটে। আমিনুলের বাড়ি উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের কাছারীপাড়ায়। এসময় ট্রলির উপরে থাকা আমিনুল চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত হন শ্রমিক শাহিন (২৮) ও পথচারী সাইদুল (২৪)। তাদের উদ্ধার করে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুন্ড চট্টগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড বাংলাবাজার নামক স্থানে ট্রাক চাপায় শামীম (২৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সে ওই এলাকায় চৌধুরী বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে। সীতাকুন্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু সোহেল ইমতিয়াজ জানায়, সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার এলাকায় রাস্তার পার্শ্বে শামীমসহ ৪ পথচারী দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে চট্টগ্রামমুখী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলে শামীম মারা যায়। অপর তিনজন গুরুতর আহত হয়। শ্রীপুর (মাগুরা) গতকাল মঙ্গলবার মাগুরার শ্রীপুর উপজেলার ইছাপুর গ্রামের আলেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ নসিমন চাপায় মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান,ওইদিন সকালে রেজাউল ইসলাম-এর স্ত্রী আলেয়া বেগম বাড়ির নিকটেই পাকা রাস্তার ধারে বসে ছিল। এমন সময় একটি মালবাহী স্যালো ইঞ্জিনচালিত নসিমন গাড়ি এখানে পৌঁছামাত্র হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গৃহবধূকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।