পৃথক ঘটনায় তিন গৃহবধূ ও বৃদ্ধ খুন

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২০:৫২
মাগুরা শালিখা উপজেলা সদরের আড়পাড়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সোমবার অজ্ঞাত পরিচয়ে উক্ত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আড়পাড়ার জনৈক মুনসুর আলীর বাড়ির টিনশেড ঘর ভাড়া নিয়ে ওই মহিলাকে নিয়ে অজ্ঞাত একব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠে। পরে ওই কক্ষে তার লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে স্বামী পরিচয়দানকারী ওই ব্যক্তি পলাতক রয়েছে। মহিলার পরিচয় জানা যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামীসহ পরিবারের ৮ সদস্য পালিয়ে গেছে। দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যার বলে প্রচারণা চালাচ্ছে পরিবারের সদস্যরা। পুলিশ সোমবার নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করছে পুলিশ। সোমবার সদর দক্ষিণ মডেল থানার এসআই আব্দুর রব কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের উনাইশর গ্রামের আরিফ হোসেনের স্ত্রী নাসরিন আক্তার মনি (১৮) এর লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, উক্ত গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা পর তার লাশ উড়না দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালিয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের শাশুড়ি ভুলু বেগমকে আটক করেছে। তালা (সাতক্ষীরা) জানান, সাতক্ষীরা তালায় সন্ধ্যা রানী মণ্ডল (৩৫) নামে দুই সন্তানের জননীকে পানিতে চুবিয়ে হত্যা করেছে পষাণ্ড স্বামী। গতকাল মঙ্গলবার উপজেলার মাদরা গ্রামে এ ঘটনা ঘটে। সে মাদরা গ্রামের নিরাপদ মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী ঘাতক স্বামী নিরাপদ মণ্ডলকে ধরে তালা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা জানান, বেগমগঞ্জের পল্লীতে ডাব চোর ধরতে গিয়ে চোরের পিটুনিতে মোশারেফ হোসেন নামে এক বৃদ্ধ (৬৫)কে প্রাণ দিতে হলো। জানা যায়, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলামপুর গ্রামের মোশারেফ হোসেনের বাড়িতে গত সোমবার রাতে চোর এসে গাছের ডাব পাড়ার সময় মোশারেফ হোসেন (৬৫) টের পেয়ে গাছের নিচে এসে চোর ধরার জন্য প্রস্তুত হয়। চোর গাছ থেকে নেমে এসে বৃদ্ধকে বেদম প্রহার করে পানিতে ফেলে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে বৃদ্ধের মৃত্যু হয়। বেগমগঞ্জ মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়।