সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বৃক্ষ নিধনের চেষ্টা

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২০:৫৩
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় সংযোগ সড়ক নির্মাণের দোহাই দিয়ে প্রায় শতাধিক বৃক্ষ নিধনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছেন স্থানীয় পরিবেশ আন্দোলনের নেতা-কর্মীরা। সোমবার দুপুরে সরকারের বৃক্ষ পালনবিদ বাস্তবায়নাধীন সংস্থার লোকদের নিয়ে সড়কের বৃক্ষ কাটতে আসলে সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন (সুপা) নেতৃবৃন্দ তাতে বাধা দেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ইস্টার্ন ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রকল্পের মাধ্যমে ১৩টি ঝুঁকিপূর্ণ সেতু পুর্ননির্মাণের কাজ চলছে। নতুন সেতুর সংযোগ সড়ক নির্মাণের কথা বলে সড়কের দু’পাশের শত শত বৃক্ষ কেটে ফেলা হচ্ছে। গত মাসে প্রায় তিন শতাধিক বৃক্ষ কেটে ফেলা হয়। সুনামগঞ্জ বন বিভাগ অভিযোগ করেছে গত মাসে কেটে ফেলা সড়কের ৩ শতাধিক বৃক্ষের বাজার মূল্য প্রায় তিন কোটি ৩৮ লক্ষ টাকা হলেও বৃক্ষ পালনবিদ জলের দামে মাত্র ২৮ লক্ষ ৯৮ হাজার টাকায় বিক্রি করে দেয়। সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন (সুপা) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু জানান, ‘গাছ কাটার নিয়ম-নীতি না মেনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অবাধে বৃক্ষ নিধন চলছে। আমরা পরিবেশ সচেতন মানুষজন নিয়ে সোমবার তাদের বৃক্ষ নিধনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছি।