গুরুদাসপুর পৌরসভার বাণিজ্যিক এলাকা চাঁচকৈড় রসুনহাটে প্রস্তাবিত স্থানে ব্রিজ নির্মাণে আপত্তি জানিয়ে ব্রিজটি অন্যত্র নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এনিয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও করেছেন সর্বদলীয় ব্যবসায়ী সমাজ। ব্যবসায়ীদের দাবি, এখানে ব্রিজটি নির্মাণ করা হলে রসুনহাটাসহ হাটের জায়গা সংকুচিত হয়ে পড়বে। সেই সাথে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি এবং নদীর উত্তরপাড়ের ১০/১৫টি বসতবাড়ি উচ্ছেদ হয়ে যাবে। সেইসাথে চাঁচকৈড় হাটে ভয়াবহ যানজটের সৃষ্টি হবে। চাঁচকৈড়হাট ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে প্রস্তাবিত ব্রিজটি অন্যত্র নির্মাণের দাবি জানানো হয়। এছাড়া ব্যবসায়ীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ব্রিজটি অন্যত্র নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো আবেদনপত্রে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সুপারিশ করেন।
