শিক্ষক ও সভাপতিকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২০:৫৫
রংপুরের গঙ্গাচড়ায় শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির উপর অতর্কিত হামলা ও দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে গত সোমবার উপজেলা চত্বরে ছাত্র/ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র বহুদিন থেকে ছাত্রীদের ল্যাট্রিন ব্যবহার করে আসছিল। গত ১৯ আগস্ট বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক এ ব্যাপারে নবম শ্রেণির ছাত্র প্রকাশ চন্দ্র দাস ও সাগর চন্দ্র দাসকে শাসন করে এবং ভবিষ্যতে এ রকম কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। এই শাসন করাই হলো কাল। এর পরিপ্রেক্ষিতে গত ২১ আগস্ট প্রধান শিক্ষক নলীন্দ্র নাথ বিশ্বাস সকাল ১০টার দিকে স্কুল আসার পথে দুই ছাত্রসহ অন্য অভিভাবকরা অতর্কিতভাবে প্রধান শিক্ষকের পথরোধ করে মোটর সাইকেলের টায়ার কেটে দেয় ও ভাংচুর করে। বিষয়টি তাত্ক্ষণিকভাবে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলামকে জানান। পরে সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য ভূপতি দেব রায়সহ মোটর সাইকেল যোগে স্কুলে প্রবেশ করলে দুষ্কৃতকারীরা অতর্কিতভাবে লাঠি, বল্লমসহ সভাপতির উপর হামলা চালায় ও গাড়ি ভাংচুর করে। এতে সভাপতির মাথা ফেটে যায়। এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি বাদি হয়ে থানায় মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত দুষ্কৃতকারীরা গ্রেফতার না হওয়ায় গতকাল সোমবার দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।