উপজেলার মাতারবাড়ীতে জাপানী সংস্থা জাইকার ১২শ’ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে এক মানববন্ধন ও পরে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ইউনিয়নের ৫ হাজারের বেশি লোক এ মানববন্ধনে অংশ নেয়। লিখিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চিংড়ি ও লবণ শিল্প ধ্বংসের মাধ্যমে এ তাপ বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করা হলে পরিবেশ নষ্ট হবে এবং এ ইউনিয়নে বসবাসকৃত ৮০ হাজার লোকের বাড়ি-ঘর, মসজিদ, মাদরাসা, স্কুল, শ্মশান হুমকির মুখে পড়বে। তাদের জীবন-জীবিকার একমাত্র চিংড়ি উত্পাদন ব্যাহত ও ৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা বিলুপ্ত হবে। এ ইউনিয়নের বহু লোক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়বে। সবুজ বৃক্ষাদি বিনষ্ট হবে। তারা এ উপজেলার ধলঘাট ইউনিয়নের দক্ষিণে ২ হাজার একর পরিত্যক্ত খাস জমির ওপর বিদ্যুত্ কেন্দ্রটি স্থাপনের দাবি জানান।
