ইরানে যুদ্ধের সময় দেশটির জনগণের ওপর ইরাকের চালানো রাসায়নিক অস্ত্রের হামলায় যুক্তরাষ্ট্রের হাত ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সদ্য প্রকাশিত এক গোপন নথি থেকে এ কথা জানা গেছে।— খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
১৯৮০-১৯৮৮ সালের ইরাক-ইরান যুদ্ধে ইরাকের তত্কালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গ্যাস হামলা চালাতে যাচ্ছেন জেনেও যুক্তরাষ্ট্র তাকে সে সুযোগ করে দিয়েছে। ১৯৮৮ সালের শুরুর দিকে ইরানে ৪টি বড় ধরনের হামলার আগে মাস্টার্ড গ্যাস এবং সারিন গ্যাস হামলা চালানো হয়। এ কাজে যুক্তরাষ্ট্র সরকার ইরাককে স্যাটেলাইট ইমেজ ও মানচিত্রসহ আরো বহু গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে বলে জানিয়েছে ফরেইন পলিসি ম্যাগাজিন।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক হামলার প্রস্তুতি নিয়ে রাখছে। অথচ এক প্রজন্ম আগের ওই যুদ্ধে ইরানে সাদ্দামের রাসায়নিক হামলার কথা জেনেও যুক্তরাষ্ট্র কিছুই করেনি। ইরানের ওপর ইরাকের রাসায়নিক হামলায় সহযোগিতার বিষয়টি যুক্তরাষ্ট্র কখনোই স্বীকার করেনি।
