তালেবানের সঙ্গে আলোচনায় পাকিস্তানকে চান কারজাই

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:১৬
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানের সহযোগিতা চেয়েছেন। কারজাই বলেন, পাকিস্তান এ বিষয়ে আমাদের উভয়ের মাঝে মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করতে পারে। সোমবার ইসলামাবাদে সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।— খবর রয়টার্স ও ডন ডটকমের। কারজাই বলেন, পাকিস্তান সরকার আফগান হাই পিস কাউন্সিলের সঙ্গে জঙ্গিদের আলোচনার সুযোগ করে দিতে পারে। আমরা আশা করছি এ জন্য আমরা পাকিস্তানকে আমাদের পাশে পাবো। কারজাইয়ের এ কথার জবাবে নওয়াজ শরিফও আফগানিস্তানকে স্থিতিশীল করার আঞ্চলিক প্রচেষ্টায় সহায়তা করার ইচ্ছা ব্যক্ত করেন। শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটিতে এটিই কারজাইয়ের প্রথম সফর। সফরকালে শরিফের সঙ্গে বৈঠকে দু’নেতাই জঙ্গি সহিংসতার সমস্যার কথা উল্লেখ করেন। কারজাই এ বিষয়টিতে বেশি গুরুত্ব দিয়ে বলেন, নিরাপত্তা অভাবটাই দুই প্রতিবেশী দেশের মূল উদ্বেগের বিষয়।