ওমানের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশের হকি খেলোয়াড়দের নাভিশ্বাস ওঠার দৃশ্য ঘরের দর্শকরা টিভির পর্দায় দেখেছেন। বিপ্লব, জাহিদ, জিমিদের মাথা নিচু করা পারফরমেন্স হতাশ করেছে। সেই খেলোয়াড়রা আজ ভারতের বিরুদ্ধে কতটুকু লড়াই করতে পারবেন তা সহজেই অনুমেয়। ভারত তো আরো শক্তিশালী এবং এশিয়া কাপ হকির দুইবারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে এরই মধ্যে ভারত সেমিফাইনালে উঠে গেছে।
আজ বাংলাদেশকে হারাতে পারলে ভারত ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। পেছনে তাকালে দেখা যায় ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ১৯ বার মুখোমুখি হয়। এর মধ্যে ভারত জিতেছে ১৮ বার এবং একবার ড্র হয়েছে। পরিসংখ্যানও বলে দেয় আজ ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সেকথা সহজেই বলা যায়।
মালয়েশিয়ার ইপো থেকে বিকাল ৪টায় স্টার স্পোর্টস টিভি চ্যানেলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের খেলা দেখা যাবে। হতাশ হকি অনুরাগীদের কেউ কেউ অভিমান করে হয়তো টিভির পর্দায় চোখ রাখবেন না। তারপরও বাংলাদেশের খেলোয়াড়রা চাইবেন গ্রুপের শেষ ম্যাচটায় যেন লজ্জায় ডুবতে না হয়।
