নাটোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:১৩
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুড়িয়া ইউনিয়নের মজমপুর গ্রামে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশু মারা গেছে। ফাগুড়িয়া ইউপি সদস্য মো. মজনু সরকার জানান, মজমপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে জুলেখা খাতুন (৮), ছেলে সাহেব আলী (৫) এবং আবের আলীর মেয়ে সাহিদা সুলতানা (৮) গতকাল মঙ্গলবার সকালে বাড়ির লোকজনের অগোচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। জুলেখা ও সাহিদা স্থানীয় ফাগুয়ারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। শাহজাদপুরে ২ জনের মৃত্যৃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মহিলা ও আরেক জন শিশু। এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার শান্তিপুর মহল্লার চান মিয়ার স্ত্রী মৃগী রোগী নয়নতারা বেগম (২৫) বাড়ির পাশের জলাশয়ে গোসল করতে যায়। তখন সে পানিতে ডুবে মারা যায়। এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। অপর ঘটনায় একই সময় শাহজাদপুর উপজেলার রাওতারা গ্রামে শীতল প্রামানিকের কন্যা রাশিদা (৫) সকলের অগোচরে বাড়ির পাশের বন্যার পানিতে তলিয়ে যায়। পরে তার লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন উদ্ধার করে।