ড. ইউনূসের সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তা স্বীকার করতে ভয় পান। কিন্তু আমাদের পাশের দেশের আরেকজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম একথা বলেন।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিদেশিদের হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে নাসিম বলেন, সংবিধানের আলোকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় আপনাদের প্রতিনিধি পাঠাবেন। দেখবেন নির্বাচন সুষ্ঠু হয় কিনা।
তিনি বলেন, সংবিধান মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সরকার গঠনে ধারাবাহিকতা থাকতে হবে।
সভায় ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফুয়াদ হাসান পল্লবের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল, কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সরকার তারেক, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
