বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেশে পাচার করা টাকার মধ্যে তৃতীয় দফায় আরো সাত কোটি টাকা ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে হোটেল রূপসী বাংলায় দুদকের আয়োজনে ‘পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার’ শীর্ষক কর্মশালার সমাপনী দিনে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের কাছে ওই অর্থের প্রতীকী চেক হস্তান্তর করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এসময় অ্যাটর্নি জেনারেল জানান, সিঙ্গাপুর ওভারসিস ব্যাংক থেকে গত ১৩ আগস্ট ৯ লাখ ৫৬ হাজার ৩৮৭ মার্কিন ডলার বাংলাদেশের সোনালী ব্যাংক রমনা করপোরেট শাখায় জমা হয়। ১৮ আগস্ট এ অর্থ ‘স্টোলেন রিকভারি অ্যাসেট’ হিসাবে দুদকে জমা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার টাকা। তিনি আরো বলেন, বিদেশে আরও যেসব টাকা পাচার হয়েছে তা ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলছে।
দুদক সূত্র জানায়, গত বছরের নভেম্বরে প্রথম দফায় ২০ লাখ ৪১ হাজার ৫৩৪ দশমিক ৮৮ সিঙ্গাপুরি ডলার ফেরত আনে দুদক। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকা। এরপর ডিসেম্বরে দ্বিতীয় দফায় ১৫ লাখ টাকা পায় দুদক। এই ১৫ লাখ টাকা ছিল সিঙ্গাপুরে পাচার হওয়া কোকোর অর্থের লভ্যাংশ।
দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
