বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করায় উদ্ধারকৃত টাকার ১০ শতাংশ নিচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস আহমেদ খান। ফেরদৌস আহমেদ খানের অক্টোখান নামক প্রতিষ্ঠান কোকোর পাচার হওয়া টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনতে দুদককে সহযোগিতা করছে। এই জন্য ফেরদৌস আহমেদ খান উদ্ধারকৃত টাকার ৩০ শতাংশ দাবি করেছিলেন। অবশেষে দুদক তার সঙ্গে আলোচনা করে ১০ শতাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো কোন টাকা তাকে দেয়া হয়নি বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে দুর্নীতি দমন কমিশন আয়োজিত ‘পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার’ শীর্ষক কর্মশালার সমাপনী দিনে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, আগামীতে যদি ফেরদৌস আহমেদ খান আরো অর্থ ফেরত আনতে দুদককে সহায়তা করেন তাহলে সেই টাকার ১০ ভাগও তাকে দেয়া হবে। এভাবে অর্থ দেয়ার কোন আইন কমিশনের আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিদেশ থেকে যত টাকা ফেরত এসেছে সব টাকা দুর্নীতি দমন কমিশনের। এই অর্থ দুর্নীতি প্রতিরোধে খরচ করা হবে। এটিও একটি দুর্নীতি প্রতিরোধের অংশ। যিনিই বিদেশ থেকে অর্থ এনে দেবেন তাকে ওই পরিমাণ অর্থ দেয়া হবে বলেও জানান তিনি। ফেরদৌস আহমেদ খানকে কোন প্রক্রিয়ায় নিয়োগ দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তাকে ২০০৭ সালে নিয়োগ দেয়া হয়েছে। প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ওই সময় নিয়োগ দেয়া হয়েছে।
