ভোলার মানুষের গ্যাসের স্বপ্ন পূরণের দিন আজ

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:৫৪
ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ভোলার গ্যাস দিয়ে ভোলায় শিল্প-কারখানা ও গৃহস্থালি সংযোগ পাওয়ার। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ভোলায় গৃহস্থালি গ্যাস সংযোগের উদ্বোধন করবেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসেন মনসুর। এই উপলক্ষে কবি মোজ্জামেল হক টাউন হলে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। পরে ভোলা শহরস্থ জৈনপুরী পীরসাহেব হাসনায়ীন আহমেদের খানকায় সংযোগের মাধ্যমে গৃহস্থালি কাজে গ্যাস সংযোগের শুভ উদ্বোধন হবে। এই উপলক্ষে ভোলায় চলছে সাজ সাজ রব। তোরণে তোরণে ছেয়ে গেছে ভোলা শহর। ইতি মধ্যেই ভোলা শহরে ২০ কি.মি. গ্যাস পাইপলাইন স্থাপন করা হয়েছে, সংযোগ দেয়া হয়েছে ভোলা শহবাজপুর গ্যাসক্ষেত্রের সাথে। বর্তমানে ঐ গ্যাসক্ষেত্রে বিপুল পরিমাণ মজুদ থাকলেও ব্যবহার হচ্ছে না। একটি রেন্টাল বিদ্যুত্ কেন্দে গ্যাস দেয়া হলেও বর্তমানে সেটি বিকল হওয়ায় গ্যাসের ব্যবহার নেই। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, দেশের স্থলভাগে ২৩টি গ্যাস ব্লকের মধ্যে ভোলার এই গ্যাসক্ষেত্র ১০ নাম্বার ব্লকের মধ্যে আছে। এখানে দুইটি উত্পাদন কূপ খনন করা হয়; কিন্তু বিতরণের ক্ষেত্র না থাকায় একটি কূপ বন্ধ রাখা হয়েছে। গ্যাসক্ষেত্রটিতে মজুদ ৬৫৬ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এর মধ্যে উত্তলোনযাগ্য মজুদ প্রায় ৫০০ বিসিএফ। তবে ভূ-তত্ত্ববিদদের ধারণা, এখানে গ্যাসের মজুদ আরো অনেক বেশি হবে। দেশের এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে এই ক্ষেত্রটিতেই গ্যাসের প্রাকৃতিক চাপ সবচেয়ে বেশি। গ্যাস সংযোগ দেয়ার কাজ দেয়া হয়েছে সুন্দরবন গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে। ভোলা পৌরসভার বাসিন্দারা জানান, ২০ কি.মি. লাইনে পৌরসভার সকল বাসিন্দা সম্পৃক্ত হতে পারেনি। গ্যাস পাইপলাইন আরো বৃদ্ধি করার দাবি ভোলাবাসীর। ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার দাবিতে ভোলাবাসী কয়েক বছর ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও হরতালের মতো কর্মসূচি পালন করেছে। ভোলার এমপি ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রচেষ্টায় ভোলায় দ্রুত গৃহস্থালি গ্যাস সংযোগ কাজ শুরু হচ্ছে বলে জানা গেছে। ভোলায় প্রাপ্ত গ্যাস দিয়ে একটি সার কারখানাসহ ছোট শিল্প-কারখানা গড়ে তোলা প্রক্রিয়াধীন আছে।