ডেসটিনির অর্থ পাচার মামলা

আসামির জামিন স্থগিত আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:৫৫
ডেসটিনির অর্থ পাচারের একটি মামলায় ‘ইসলাম ট্রেডিং ইন্টারন্যাশনালের’ মালিক শফিউল ইসলাম পলাশকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করা হয়েছে। আদালত বলেছে, এই সময়ের মধ্যে আসামি আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান শুনানি করেন। অর্থ পাচারের মামলায় গত ১২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান শফিউল ইসলাম। পর দিন তিনি কারাগার থেকে মুক্তি পান। এই জামিন বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আসামির নাম এজাহারে নাই। তবে পুলিশের একটি প্রতিবেদনে তার বিরুদ্ধে চার কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। প্রসঙ্গত, গত বছর কলাবাগান থানায় ডেসটিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২৪ টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়। মামলায় ঋণ ডিভিডেন্ড ও কমিশন হিসাবে ডেসটিনির সম্পদ নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নেয়ার অভিযোগ আনা হয়।