সিরিয়ায় হামলার ছক তৈরি করছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা!

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:৫৫
সিরিয়ায় বিদ্রোহীদের উপর রাসায়নিক অস্ত্রের হামলার জবাবে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সশস্ত্র বাহিনী পরিকল্পনা তৈরি করছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখপাত্র গতকাল মঙ্গলবার একথা বলেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর জানায়, সম্ভাব্য একটি সামরিক হস্তক্ষেপের ব্যাপারে পার্লামেন্টে আইন প্রণেতাদের বিতর্কের আহ্বান জানাবেন কিনা সে বিষয় ক্যামেরন সিদ্ধান্ত নেবেন। অপরদিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল গতকাল বলেছেন সিরিয়ায় হামলা চালানোর জন্য মার্কিন বাহিনী প্রস্তুত। প্রেসিডেন্ট ওবামা নির্দেশ দিলেই হামলা চালানোর মতো প্রস্তুতি তারা নিয়ে ফেলেছেন বলে তিনি জানান। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার বিরুদ্ধে স্বল্প পরিসরে কম সময়ের জন্য অভিযান চালানোর কথা বিবেচনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, এ হামলা কোনভাবেই দু’ দিনের বেশী স্থায়ী হবে না এবং যুক্তরাষ্ট্রকে বৃহত্তর অংশ গ্রহনের বাইরে রাখার চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়া বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায় কোনভাবেই অস্বীকার করতে পারে না। নিউইয়র্ক টাইমস’র খবরেও বলা হয়, সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে ওবামা এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও এক্ষেত্রে তিনি সীমিত সামরিক অভিযান চালানোর নির্দেশ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওই সংবাদপত্রের খবরে বলা হয়, এক্ষেত্রে ভূ-মধ্যসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধ জাহাজ থেকে সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপনাস্ত্র হামলা চালানো হতে পারে। টাইমসের খবরে আরো বলা হয়, এ হামলার লক্ষ্য হবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন।