আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। কোনো এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে স্বাভাবিকভাবে নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করে সবাই। কিন্তু বাহিনীর প্রতি আস্থা হারিয়ে ফেললে মানুষ বাস্তবে না থেকে অলৌকিক কোনো কিছুর উপরও নির্ভরশীল হয়ে পড়ে। ফ্রান্সের একটি এলাকার বাসিন্দারা তাই তাদের নিরাপত্তা দিতে আবেদন জানিয়েছে শিশুদের অলৌকিক হিরো হিসেবে পরিচিত ব্যাটম্যানের কাছে।
ফ্রান্সের মারসিলির বাসিন্দারা তাদের এলাকায় বেড়ে যাওয়া সন্ত্রাস প্রতিরোধে ব্যাটম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। এজন্য তারা কয়েকহাজার লোকের স্বাক্ষর সংগ্রহ করেছেন। ফেসবুকেও প্রায় চার হাজার বাসিন্দা একই আবেদন জানিয়েছেন শিশুদের কমিক জগতের হিরো ব্যাটম্যানের কাছে। আট লাখ জনসংখ্যা অধ্যুষিত এলাকাটির অধিকাংশই দারিদ্র্য সীমার নিচে বাস করে। তবে এই এলাকার সংস্কৃতি অনেক উন্নত। এলাকাটিতে সন্ত্রাস পরিমাণ বেড়েই চলছে। এই বছর ১৩ টি হত্যাকান্ড ঘটেছে। গত বছর এই সংখ্যা আরো বেশি ছিল। সমপ্রতি এই এলাকার অবসরপ্রাপ্ত জ্যাকস বন্ডেল (৬১) নামের এক ব্যক্তি ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে নিহত হন। আবেদনকারীরা জানিয়েছেন, পুলিশ নিরাপত্তা দিলেও তা কোনো কাজে আসছেনা। তাই তারা পুলিশ কিংবা সেনাবাহিনীর উপর আর নির্ভর করতে না পেরে ব্যাটম্যানের উপর নির্ভর করছেন। তাদের ভাষায় আকাশ থেকে আসা এসব সন্ত্রাসীদের ধরতে ব্যাটম্যানকেই প্রয়োজন।
