ভারতের মাওবাদী অধ্যুষিত রাজ্য ঝাড়খন্ডের একটি গ্রামে এক ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাওবাদী সন্দেহে তাকে এবং তার চালককে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে ওই গ্রামে হত্যা, ডাকাতির ঘটনা ঘটায় গ্রামবাসী নিজেরাই এলাকায় পাহারা বসিয়েছে।
ঝাড়খন্ডের রাজধানী দেওঘর থেকে চার কিলোমিটার দূরে কুমারাবাদ নামের একটি গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নের নেতা মুকেশ সিং (৩৫) গাড়ি নিয়ে কুমারাবাদ এলাকার ভেতর দিয়ে যাচিছলেন। এ সময় তাকে তল্লাশি করে পাহারাদাররা। তিনি মাওবাদী কিনা জানতে চান। পুলিশ জানায়, তখন হয়তো মুকেশ তর্ক করছিলেন। যদিও তার পরিচয় তিনি দিয়েছিলেন। কিন্তু তর্ক করার কারণে এবং দৌড়ে পালাতে চেষ্টা করায় মুকেশকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। এরপর গাড়ির চালককেও পিটিয়ে মারা হয় এবং বিক্ষুব্ধরা গাড়ি জ্বালিয়ে দেয়। ছাত্র সংগঠনটি মুকেশের হত্যাকান্ড ‘রাজনৈতিক’ উল্লেখ করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।-এনডিটিভি
