উন্নয়ন সহযোগীদের তালিকায় যুক্ত হচ্ছে ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২০:১৫
বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের তালিকায় যুক্ত হচ্ছে ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ইতিপূর্বে বেসরকারি খাতের প্রকল্পে অর্থায়ন করলেও ইআইবি প্রথমবারের মতো সরকারি উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে সম্মত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা যায়, সরকারের বিদ্যুত্ ব্যবস্থার সমপ্রসারণ এবং উন্নতিকরণের বিনিয়োগ কর্মসূচির ১ম পর্যায় বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে ৮২ মিলিয়ন ইউরো বা ৮৩৪ কোটি ১৪ লাখ টাকা ঋণ সহায়তা প্রদানে সম্মত হয়েছে। এ সংক্রান্ত চুক্তির চুড়ান্ত খসড়াও সরকারের নিকট পাঠিয়েছে। অন্যদিকে খিলক্ষেত পানি শোধনাগার স্থাপনে ইআইবি ১০১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। ১৯৫৮ সালে ইটালীর রোমে ইআইবি প্রতিষ্ঠার পর ১৯৯৩ সাল থেকে এশিয়ার দেশগুলোর সাথে কাজ করছে ইআইবি। ইতিপূর্বে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করলেও এবারই প্রথম ইআইবি সরকারি উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে বলে ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তা জানান। সহজ শর্তে এ ঋণের সুদ হার শীঘ্রই নির্ধারণ করা হবে। প্রকল্প দুটির বিষয়ে জানা যায়, ঢাকা শহরের ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের নির্ভরশীলতা কমিয়ে মেঘনার পানি ব্যবহার করে খিলক্ষেত পানি শোধনাগার স্থাপনের মাধ্যমে ঢাকা শহরের বাড্ডা, গুলশান, মিরপুর এবং উত্তরা এলাকায় প্রায় ২৫ লাখ মানুষের পানির চাহিদা পূরণ করবে। বর্তমানে ঢাকার পানি সরবরাহ প্রক্রিয়ার ৭০ ভাগ ভূ-গর্ভস্থ। এ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গন্ধর্বপুর এলাকায় দুটি পর্যায়ে প্রতিদিন ১০০ কোটি লিটার ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার স্থাপন করা হবে। এছাড়া ঢাকা শহর হতে প্রায় ৩০ কি.মি পূর্বে মেঘনা নদীর বিশ্বন্দীতে দুটি পর্যায়ে প্রতিদিন মোট ২০০ কোটি লিটার ক্ষমতা সম্পন্ন পাইপ লাইন স্থাপন করে গন্ধর্বপুর এবং সায়দাবাদ পানি শোধনাগারে মেঘনা নদী হতে পানি সরবরাহ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে এডিবি ২৪৪ মিলিয়ন ডলার, ইআইবি ১০১ মিলিয়ন মার্কিন ডলার এবং এএফডি ১০১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করবে। এছাড়া বাংলাদেশ সরকার তার নিজস্ব তহবিল হতে ২২৯ মিলিয়ন ডলার প্রদান করবে। বিদ্যুত্ ব্যবস্থার উন্নয়ন কর্মসূচিটি ২০১২-২০২২ পর্যন্ত দশ বছর মেয়াদে তিনটি পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এর প্রাক্কলিত ব্যয় সর্বমোট ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে এডিবি প্রদেয় মোট ঋণের পরিমাণ ৭০০ মিলিয়ন এবং সহ-অর্থায়নকারী হিসাবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ৩৮০ মিলিয়ন, ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ১৯৮ মিলিয়ন এবং ফ্রান্স উন্নয়ন সংস্থা ১০০ মিলিয়ন ডলার প্রদান করবে। এ কর্মসূচিতে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন ২২২ মিলিয়ন ডলার। এ কর্মসূচির মাধ্যমে, বিদ্যুত্ উত্পাদন, সঞ্চালন ও বিতরণ দক্ষতার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃিদ্ধ, বিদ্যুত্ খাতের সংস্থাসমূহ এবং কৃষক সংগঠনসমূহের সামর্থ্য বৃদ্ধি ছাড়াও প্রকল্প ব্যবস্থাপনার উন্নয়নে ব্যবহার করা হবে।