সিরিয়ার হ্যাকারদের দখলে নিউইয়র্ক টাইমস, টুইটার

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২০:৩৭
বর্তমান সময়ে প্রযুক্তি বিশ্বের অন্যতম মূল শঙ্কা হয়ে দাঁড়িয়েছে হ্যাকাররা। ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি সংস্থা, সামাজিক যোগাযোগের সাইট, সংবাদ সংস্থা কিছুই বাদ পড়ছে না হ্যাকারদের হাত থেকে। এর ধারাবাহিকতায় সর্বশেষ হ্যাক হয়ে গেছে বিশ্বব্যাপী জনপ্রিয় সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইট। এ ছাড়াও মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং আরেক জনপ্রিয় সংবাদ সংস্থা হাফিংটন পোস্টও একই আক্রমণের শিকার হয়েছে। সিরিয়ার হ্যাকারদল ‘দ্য সিরিয়ান ইলেকট্রনিক আর্মি’ টুইটার এবং হাফিংটন পোস্টে হামলার দায়িত্ব স্বীকার করেছে। নিউইয়র্ক টাইমসে হামলার দায়িত্ব স্বীকার না করলেও আক্রান্ত হওয়ার পর নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইটে ঢুকলেই পেজ রিডাইরেক্ট হয়ে ওই হ্যাকারদলের নিয়ন্ত্রণে থাকা একটি সার্ভারে চলে যাচ্ছিল। নিউইয়র্ক টাইমস তাদের ফেসবুক পেজে সাইট হ্যাক হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে নেয়। প্রাথমিকভাবে তাদের মুখপাত্র ইলিন মারফি জানিয়েছেন, বহিরাগত কোনো আক্রমণের ফলেই তাদের সাইটের নিয়ন্ত্রণ হারিয়েছেন তারা। গত পরশু স্থানীয় সময় বিকাল ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ১টা) এই আক্রমণের শিকার হয় নিউইয়র্ক টাইমস। তিন ঘণ্টা পরেই অবশ্য আবার তারা সাইটের নিয়ন্ত্রণ ফিরে পেতে সমর্থ হয়। অন্যদিকে হাফিংটন পোস্টের যুক্তরাজ্যের ডোমেইন আক্রান্ত হয় এই আক্রমণে। টুইটারে আক্রমণে অবশ্য কোনো অ্যাকাউন্টধারীর কোনো তথ্য খোয়া যায়নি বলে জানায় টুইটার। এসব প্রতিষ্ঠানের সকলেই অস্ট্রেলিয়ার মেলবোর্ন আইটি’র সেবা গ্রহণ করে থাকে। সেখানকার সার্ভারে হামলা করেই এসব সাইটের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় সিরিয়ান ইলেকট্রনিক আর্মি।