বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণের অবশিষ্ট ৪৫ লাখ টাকা ২২ মের মধ্যে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে পরিশোধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। গ্রীন লাইনের আইনজীবীর উদ্দেশে আদালত বলেছে, ‘আপনার ব্যবসা তো আর বন্ধ হয়ে যায়নি, সেটা তো চলছে। তাহলে টাকা দিতে অসুবিধা কোথায়? টাকা আপনাদের দিতেই হবে। নইলে ব্যবস্থা নেব।’
গত ১০ এপ্রিল ক্ষতিপূরণ বাবদ রাসেল সরকারকে ৫ লাখ টাকার চেক দেয় গ্রীন লাইন পরিবহন। একইসঙ্গে ওই কোম্পানির সময় আবেদন মঞ্জুর করে বাকি ৪৫ লাখ টাকা ৩০ দিনের মধ্যে প্রদানের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু ওই আদেশ বাস্তবায়ন না করে গতকাল আবারো সময় চান গ্রীন লাইন পরিবহনের আইনজীবী মো. ওজিউল্লাহ। তিনি বলেন, পরিবহনের মালিক বয়ষ্ক ও অসুস্থ ব্যক্তি। এজন্য টাকা দিতে সময় প্রয়োজন। এদিকে ভুক্তভোগী রাসেল সরকার সাংবাদিকদের বলেন, আমি অসুস্থ ব্যক্তি। আমাকে নিয়ে যেভাবে টানাহেঁচড়া শুরু হয়েছে মনে হয় আমি মানুষ নই। নিজেকে লাশ মনে হচ্ছে। আমি চাই হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হোক।
