অবৈধভাবে তেল রপ্তানিরত যে কোনো তেলবাহী জাহাজ (অয়েল ট্যাঙ্কার) ধ্বংস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লিবিয়া। গত সপ্তাহে লাইবেরিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে লিবীয় বাহিনীর গুলিবর্ষণের পর সোমবার এ হুঁশিয়ারি জানিয়েছে দেশটি। লিবিয়ার সর্ববৃহত্ অশোধিত তেল রপ্তানিকারী বন্দরের কাছে লাইবেরীয় ওই ট্যাঙ্কারটির ওপর হামলা চালায় লিবীয় সেনাবাহিনী।
এই বন্দরটি দেশটির পূর্বাঞ্চলের সশস্ত্র প্রতিবাদকারীরা অবরোধ করে রেখেছে। লাইবেরীয় ট্যাঙ্কারটি অবৈধভাবে অশোধিত তেল রপ্তানির চেষ্টা করছিল বলে জানিয়েছেন লিবীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল রাজাক আল শবাহি। গুলিবর্ষণের মুখে ট্যাঙ্কারটি বন্দর এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। লিবিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত রাস লানুফসহ বেশ কয়েকটি তেল রপ্তানিকারী বন্দরের মধ্যে এস সিদার সবচেয়ে বড়।
