কুমিল্লার মুরাদনগরে বশির আহাম্মদ নামে এক শ্রমিককে হত্যার অভিযোগে মঙ্গলবার ধামঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ঐ উপজেলার রায়তলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রাজ মিস্ত্রী শ্রমিক বশির আহাম্মদ (১৯) গত শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয়। সোমবার দুপুরে রায়তলা গ্রামের বিলের ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে সোমবার রাতে মুরাদনগর থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ধামঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিনসহ ৫ জনকে আটক করে। আটক অন্যরা হচ্ছে- সবুজ মিয়া, শরিফ হোসেন, আবদুস সাত্তার ও আবদুল কাইয়ুম।
