রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার রেলবান্ধব সরকার। গত মঙ্গলবার দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় পথে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এ সরকারের আমলে রেলকে আধুনিকায়ন করা হবে। এবং ২০৩০ সালের মধ্যে সমস্ত প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে। এ খাতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী যেসব প্রকল্প নিয়েছে, তাতে বিশ্বের উন্নত দেশের মতো সেবা দেয়া সম্ভব।
বর্তমান সরকার ট্রেনকে গণপরিবহনে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন রেললাইন স্থাপন, পুরনো লাইন মেরামত, ইঞ্জিন আমদানি ছাড়াও সম্প্রতি চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি এবং ১৮ হাজার ৩১০ কোটি টাকার ৩৮টি প্রকল্প হাতে নেয়া হয়েছে।
রেল মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুনীল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহামুদ চৌধুরী এমপি, ঠাকুরগাঁও- আসনের এমপি হাফিজ উদ্দিন, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, রেলওয়ের জেনারেল ম্যানেজার ফেরদৌস আলম, ডিআইজি সোহরাব হোসেন, ঠাকুরগাঁও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী প্রমুখ।
