যশোরে এক নারীকে অপহরণের অভিযোগে সাবান আলী সরদার নামে একজনের ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। গত মঙ্গলবার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার এজাহারে জানা যায়, ২০০৪ সালে কেশবপুরের বরণডালি গ্রাম থেকে এক নারীকে ফুসলিয়ে বরণডালি-সরসকাটি বাঁধ এলাকায় নিয়ে যায় আসামি সাবান আলী। এরপর কৌশলে আটকে রেখে নির্যাতন করে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ তাদের উদ্ধার করলেও ওই নারীর অভিযোগ আমলে না নিয়ে তাদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। পরে ওই নারী মুক্তি পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাবান আলীর বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলার বিচারে শুধু অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১৪ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম আব্দুস সালাম।
