সিদ্ধিরগঞ্জের পুলিশের সোর্স নিখোঁজ

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:৪৯
সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পুলিশের সোর্স মোঃ হোসেন মিশু ওরফে মিশুক গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে সে নিখোঁজ হয়। গতকাল সোমবার পর্যন্ত তার কোন খোঁজ পায়নি তার পরিবার। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করার পর গতকাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকার ওহাব আলীর ভাড়াটিয়া ওবাইদুল্লাহ তরফ আলীর ছেলে মোঃ হোসেন মিশু ওরফে মিশুক (৪৫) দীর্ঘদিন যাবত্ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করত। মিশুর পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে অদ্যাবধি সে বাসায় ফিরে আসেনি। মিশু নিখোঁজের বিষয়টি জানতে পেরে ডিবি ওসি আক্তার হোসেন শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন। তাকে উদ্ধারের জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।