কর্নফুলি পেপার মিলের সিবিএ সভাপতি বহিষ্কার

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:৫২
চন্দ্রঘোনায় অবস্থিত কর্নফুলি পেপার মিলের শ্রমিক কর্মচারী সংগঠন বর্তমান সিবিএ কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মানকে দায়িত্বে অবহেলা এবং সংগঠনের স্বার্থের পরিপন্থী কর্মকান্ডের দায়ে পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের কার্যকরি কমিটির এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সংশ্লিষ্ট সংবিধানের ২১ ধারার গ অনুচ্ছেদ লংঘনের অপরাধ উল্লেখ করে গত ১৯ আগষ্ট তাকে অব্যাহতিপত্র প্রদান করা হয়েছে। সভাপতির এ শূন্যপদে সংগঠনের সদস্য মৌলভী মোহাম্মদ ইউনুচকে মনোনীত করা হয়েছে। সংগঠনের সংবিধানের ২৭ ধারা অনুসরণ করে তাকে সভাপতি হিসেবে কোঅপ্ট করা হয়েছে বলে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়। বহিষ্কার এবং মনোনয়নের এ ঘটনায় কর্নফুলি পেপার মিলে শ্রমিক কর্মচারীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। সিবিএ সভাপতি থেকে অব্যাহতিপ্রাপ্ত মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, পদ থেকে অব্যাহতি প্রদানের বিষয়টি ষড়যন্ত্রমূলক এবং সম্পূর্ণ অসাংবিধানিক।