শত কোটি টাকা লোকসানে শিবগঞ্জের আম ব্যবসায়ীরা

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২১:৫২
রাজনৈতিক অস্থিরতার কারণে যানজটসহ বিভিন্ন অসুবিধায় মোকামে ঠিকমত আমের ট্রাক না পৌঁছা, হঠাত্ করে মোকামে আমের দর কমে যাওয়ায় শিবগঞ্জের প্রায় ৫শ’ আমের আড়তদারসহ প্রায় ১৫ হাজার আম ব্যবসায়ী চরম বিপাকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। গত কয়েকদিন ধরে শিবগঞ্জের তথা চাঁপাইনবাবগঞ্জের আম বাজার কানসাটসহ শিবগঞ্জ, খাসের হাট, মনাকষা, রানীহাটি, তারাপুরসহ বিভিন্ন আড়তে গিয়ে আম ব্যবসায়ীদের সাথে আলোচনা করে জানা গেছে আম ব্যবসায়ীদের করুণ চিত্র। কানসাট আম আড়তদার সমিতির অফিস সেক্রেটারী ও আম ব্যবসায়ী মোহাঃ সফিকুল ইসলাম জানান, গত তিন মাসে শিবগঞ্জ থেকে দেশের ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, ফেনী ও ময়মনসিংহসহ বিভিন্ন বড় বড় শহরে প্রায় ১০ হাজার ট্রাক (দশ কোটি পঞ্চাশ লক্ষ কেজি ) আম রপ্তানি করা হয়েছে। প্রথমদিকে কিছুটা লাভ হলেও বর্তমানে কেজি প্রতি ২৫ টাকা করে লোকসান হচ্ছে। তিনি আরো জানান দীর্ঘসময় ধরে দীর্ঘ যানজটের কারণে ইতিমধ্যে পথে শত শত কেজি আম পেকে পচে নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে আম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাঃ মোশারফ হোসেন বলেন, বাগান মালিকরা ও আম ব্যবসায়ীরা নিয়মবহির্ভূত ও বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া বিশেষ করে কীটনাশক ও ছত্রাকনাশক বিষ ব্যবহার করার ফলে একদিকে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অন্যদিকে পরিবেশ নষ্ট হচ্ছে।