চাঁদা না পেয়ে ঠিকাদারের লোকজনকে পিটিয়ে নরসিংদীর শিবপুরে বিশ্বব্যাংকের অর্থায়নে সাড়ে চার কিলোমিটার রাস্তার উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিয়েছে ওবায়দুল বাহিনী। এ ঘটনায় আহত সাব-কন্ট্রাকটর মুসলিম বাদী হয়ে শিবপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার সাব-কন্ট্রাকটর মুসলিম, আলিয়াবাদ-গজারিয়ায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করতে গেলে আলীয়াবাদ এলাকায় সন্ত্রাসী ওবায়দুল বাহিনী তার দলবল নিয়ে তার পথরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে ওবায়দুল তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
সে টাকা দিতে অস্বীকৃতি জানালে রাস্তার কাজ বন্ধ করে দেয় ওবায়দুল বাহিনী এবং তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। আহত মুসলিম জানায়, গত ১৫/১৬ দিন ধরে ওবায়দুল বাহিনী, তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। এ ঘটনা তিনি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ ও সরকার দলীয় নেতাকর্মীদের জানিয়েছিলেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফিরোজ আল জালাল জানান, পুলিশ ওবায়দুলকে গ্রেফতার করার জন্য ইতিমধ্যে বেশ কয়েকস্থানে অভিযান চালিয়েছে।
