সরাইলে একই রাতে সাত ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত সোমবার গভীর রাতে মেঘনা নদীর পাড়ে উপজেলার আজবপুর বাজারে এ ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল দশ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। হাত-পা বেঁধে মারধর করে দুই নৈশপ্রহরীসহ আট ব্যক্তিকে আহত করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শী ভুক্তভোগীরা জানায়, সোমবার গভীর রাতে ৪০/৪৫ জনের সংঘবদ্ধ একদল ডাকাত স্টীলের একটি নৌকা থেকে নেমে বাজারে প্রবেশ করে। তারা প্রথমে বাজারের দুই নৈশপ্রহরীকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। একই সাথে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। বিভিন্ন আগ্নেয়াস্ত্র, রামদা, ছোরা, হকিস্টিক ইত্যাদি দেখিয়ে ব্যবসায়ীদের জিম্মি করে ফেলে। পরে নগদ টাকা, মোবাইল ফোনসেট ও অন্যান্য মূল্যবান মালামালসহ দশ লক্ষাধিক টাকা মূল্যের মাল লুটে নিয়ে যায়। ডাকাতি হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মোল্লা স্টোর, কালন বস্ত্রালয়, সবুজ সাথী ডিপার্টমেন্টাল স্টোর, মেসার্স হান্নান ট্রেডার্স, খলিল স্টোর, মেসার্স হক ফার্মেসী, মোবাইল হসপিটাল ও হমায়ুন বস্ত্রালয়। ডাকাতের পিটুনিতে আহতরা হচ্ছে: নৈশপ্রহরী মোঃ বাবুল মিয়া (৩৫), রেহানউদ্দিন (৪৫), ব্যবসায়ী রুবেল মিয়া (১৯), কালন মিয়া (২৫), হান্নান মিয়া (২৬), হুমায়ুন মিয়া (৪৫), জুয়েল মিয়া (২২) ও আশ্রাব আলী (৫০)। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল তদন্ত করছে। মালামাল উদ্ধার ও গ্রেপ্তার নেই।
