সড়ক দুর্ঘটনায় দিনাজপুর, সিলেট, চৌদ্দগ্রাম ও কিশোরগঞ্জের কটিয়াদীতে ৬ জন নিহত ও আহত হয়েছে ৮১ জন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
দিনাজপুর-দশমাইল সড়কের সাতমাইলে গতকাল বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন শিক্ষক নিহত ও আহত হয়েছে আরো ৩০ জন। নিহতরা হলেন মৃত অফেদুল্লাহ সরকারের পুত্র প্রভাষক আব্দুর রাজ্জাক (৪৮) উপজেলার পাকেরহাট ডিগ্রী কলেজের প্রভাষক ও আফাজউদ্দীনের পুত্র ফারুক আহমেদ (৪৫) বীরগঞ্জ উপজেলার মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। গুরুতর আহতের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর ব্রীজের কাছে গতকাল বুধবার বিকালে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক নিহত ও শিশুসহ ৬ জন আহত হয়েছে। নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ৬ জনকে স্থানীয় প্রাইভেট ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা)
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আরো ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক মালিক ফেনী সদরের লেমুয়ার মুজিবপুরের আব্দুর রবের ছেলে হানিফ মিয়া প্রকাশ শেখ ফরিদ (৪৫) ও চালক দেবীদ্বারের ফুলতলির বেয়ার মন্ডলের শাকির খান (৩৮)। উদ্ধারকৃত গুরুতর আহতদের মধ্যে মোখলেছ, হূদয় খান, আক্কাছ, পারভীন, রিয়াদ, আনু মিয়া, তাছলিম, রুবিনাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আদমপুর তেঁতুলতলায় গত মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ-মহাখালী বিআরটিসি বাসের নিচে চাপা পড়ে সাইকেল আরোহী আ. হাসিম (২৫) নিহত হয়েছে। নিহত আ. হাসিম বীর নোয়াকান্দী গ্রামের মুন্তাজ উদ্দিনের ছেলে। এ সময় আরো অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে কটিয়াদী, কিশোরগঞ্জ ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
