গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, সিরাজগঞ্জ ও সদরপুরে পানিতে ডুবে পাঁচজনের পাণহানির ঘটনা ঘটেছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গৌরীপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুর শহরের কালিপুর কলেজ রোডে পশু হাসপাতালের সামনে গত মঙ্গলবার দুপুরে বালুয়া নদীতে ডুবে তারমিন (৭) নামে এক শিশু মারা গেছে। সে গোলকপুর গ্রামের একদিল মিয়ার মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়ায় ব্যবসায়ী ফারুক মিয়ার পুত্র রাতুল (২) গত সোমবার পুকুরে পানিতে ডুবে মারা গেছে। শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে শক্তিপুরে পানিতে ডুবে গত মঙ্গলবার দুপুরে পৌর এলাকার চান মিয়ার স্ত্রী নয়ন তারা (২৮) ও রাওতারা গ্রামে সন্ধ্যায় শীতল প্রামাণিকের মেয়ে রাশিদা (৬) মারা যায়।
সদরপুর (ফরিদপুর)
ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নে গত সোমবার পারভেজ বেপারী (২) পানিতে ডুবে মারা যায়। সে উপজেলার সালাম চৌধুরীর ডাঙ্গী গ্রামের রাজ্জাকের পুত্র। এ ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছে।
