ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচলে সময় সাশ্রয় করার লক্ষ্যে ঈশ্বরদী-জয়দেবপুর রেলপথে ডাবল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডাবল লাইন সম্ভাব্যতা, পরিমাপ এবং ঈশ্বরদী জংশন স্টেশন রিমডেলিংয়ের জন্য মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের টিম ঢাকা হতে ঈশ্বরদী পর্যন্ত রেলপথ পরীক্ষা-নিরীক্ষা করেন। রেলওয়ে অপারেশন স্পেশালিষ্ট এস এ হাবিবুল্লাহ’র নেতৃত্বে এই টিম মাঝগ্রাম রেল স্টেশন এবং ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনও পরিদর্শন করেন। এস এ হাবিবুল্লাহ জানান, বর্তমান সরকারের আমলে উন্নয়নের অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ জানান, ডাবল লাইন না থাকায় স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে ক্রসিং-এর কারণে স্বল্প দূরত্বের পথ ঈশ্বরদী হতে ঢাকা পর্যন্ত পৌঁঁছাতে আন্তঃনগর ট্রেনের সময় লাগে প্রায় ৫ ঘন্টা। ঈশ্বরদী-জয়দেবপুর রুটে ডাবল লাইন বসানো হলে ঢাকায় ৩ ঘন্টারও কম সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব হবে।
