এরশাদের অবস্থা ভালো নয়, ভর্তি সিএমএইচে

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ০১:২০

একাদশ সংসদ নির্বাচনের ডামাডোল ও নানা জল্পনা-কলনা, গুঞ্জন-গুজবের মধ্যেই সোমবার সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার ইত্তেফাককে বলেন, ‘স্যার গত কিছুদিন ধরেই অসুস্থ। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ও চাপ এড়াতে তিনি বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসার বদলে কিছুদিন নিরিবিলি স্থানে অবস্থান করছিলেন। সেখানেও মনোনয়ন প্রত্যাশীরা গিয়ে ভিড় করায় স্যার বেশি অসুস্থ হয়ে পড়ায় সিএমএইচে নেওয়া হয়েছে।’

এরশাদের ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে, বাইরে যত জল্পনা-কল্পনাই থাকুক না কেন, সত্যিকার অর্থেই এরশাদ বেশ অসুস্থ। গত কয়েক মাস ধরেই তাকে কয়েক দফায় সিএমএইচে ভর্তি হতে হয়েছে। তার রক্তে কখনও সোডিয়াম কমে যায়, কখনও হিমোগ্লোবিন কমে যায়। এজন্য তাকে কয়েকবার রক্তও নিতে হয়েছে। হাঁটুব্যথাসহ নানা শারীরিক জটিলতায়ও ভুগছেন। তার স্মৃতিশক্তিরও সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে তার অবস্থা গুরুতর না হলেও ভালো নয় বলা যায়।

জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ গতকাল মঙ্গলবার ইত্তেফাককে বলেন, ‘আমি ও জাপার মহাসচিব (রুহুল আমিন হাওলাদার) রবিবার রাতে স্যারের বাসায় যাই। নির্বাচন, দলের ও মহাজোটের মনোনয়ন নিয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম। তখনও দেখেছি স্যারের মুখ ফোলা, হাত-পা ফোলা, চেহারা ভীষণ ফ্যাকাসে লাগছিল। কথাবার্তার এক পর্যায়ে স্যার নির্বাচন কেন্দ্রিক আলোচনা বাদ দিয়ে সাধারণ কিছু বিষয়ে খুব আস্তে আস্তে কথা বলছিলেন।’

এদিকে, গতকাল নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজের মনোনয়নপত্র দাখিলের পর ফেনীতে এক মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘এরশাদ রাজনৈতিকভাবে অসুস্থ নয়, সত্যিকারভাবেই তিনি অসুস্থ। তাকে দুই-একদিনের মধ্যে সিঙ্গাপুর হাসপাতালে নেওয়া হতে পারে। এরশাদের ৯০/৯২ বছর বয়স হয়েছে। তিনি অসুস্থ হতেই পারেন, এখানে হাসাহাসির কিছু নেই। যে কেউ যে কোনো সময় অসুস্থ হতে পারে।’

জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার গুঞ্জন

এদিকে, এরশাদের সহোদর ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হতে পারে বলে দলটিতে গত তিনদিন ধরে ব্যাপক গুঞ্জন রয়েছে। এ ব্যাপারে নানামুখী কথা শোনা যাচ্ছে।