ক্যাসিয়াসের রিয়াল অধ্যায়ের সমাপ্তি?

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৭
হোসে মরিনহোর পর রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তিও আস্থা রাখতে পারছেন না ইকার ক্যাসিয়াসের উপর। গ্রেনাডার বিপক্ষে রিয়ালের সর্বশেষ লিগ ম্যাচেও তাই সাইড বেঞ্চেই সময় কাটাতে হয়েছে এই বিশ্বকাপজয়ী অধিনায়ককে। আর এ দুয়ের যোগফল হিসেবে সাদা জার্সি গায়ে ক্যাসিয়াসের ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকেই। তবে স্পেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্কের বিশ্বাস যথার্থ অনুপ্রেরণা পেলে এখনো অনেক কিছুই দেয়ার আছে ক্যাসিয়াসের। গত বছরের মে তে সেভিলা থেকে প্রায় ৩৫ লাখ ইউরোতে লোপেজকে দলে ভেড়ান মরিনহো। এর কিছুদিন পরই ক্যাসিয়াস বাম হাতে গুরুতর চোট পাওয়ায় বেশ লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় ক্যাসিয়াসকে। দলের এক নম্বর গোলরক্ষকের অনুপস্থিতিতে গোলবার সামলানোর দায়িত্ব পান লোপেজ। তবে খুব শীঘ্রই যে তিনি স্থায়ীভাবে ক্যাসিয়াসের জায়গা দখল করবেন সেটি হয়তো কেউই ভাবতে পারেননি। ইনজুরি থেকে ফিরে তাই ক্যাসিয়াসের জায়গা হয় সাইডবেঞ্চে। প্রথমে ধারণা করা হচ্ছিল কোচের সাথে মনোমালিন্যের ঘটনাই ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের জায়গা হারানোর পেছনে দায়ী। তবে অ্যানচেলোত্তির অধীনেও একই ব্যাপার ঘটায় এখন আর তেমনটি বলা যাচ্ছে না। যদিও এই ইতালিয়ান বলছেন তার ভবিষ্যত্ পরিকল্পনায় ক্যাসিয়াস ভালোভাবেই আছেন, ‘আমি কোন কিছু করার আগে তাদের দুজনের সাথেই কথা বলি এবং তার পরেই সিদ্ধান্তটা নেই। তবে এটা চূড়ান্ত কিছু ইঙ্গিত করে না।’ তবে গত সাত মাসে একবারের জন্যও রিয়ালের সেরা একাদশে জায়গা না পাওয়ার বিষয়টি ইঙ্গিত দেয় অন্য কিছুরই। রিয়ালের সি দলের হয়ে ১৯৯৮ সালে অভিষেকের একবছর পরেই মূল দলে চলে আসা ক্যাসিয়াসের ক্যারিয়ারে এত দীর্ঘসময় ধরে মূল দলে সুযোগ না পাওয়ার ঘটনা ঘটেনি। তারচেয়েও বড় ব্যাপার হচ্ছে ক্রমেই ভক্তদের সমর্থনও হারাচ্ছেন তিনি। স্পেনের প্রভাবশালী ক্রিড়া দৈনিক মার্কার এক জরীপে দেখা গেছে, প্রায় ৭৫ শতাংশ রিয়াল সমর্থক চান ক্যাসিয়াস নতুন দল খূুঁজে নিক। তবে অ্যানচেলোত্তি কিংবা রিয়াল সমর্থকদের সাথে মোটেই একমত নন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক। ক্যাসিয়াসের অভিজ্ঞতার উপরই আস্থা রাখছেন তিনি, ‘আমরা সেই ক্যাসিয়াসের কথা বলছি যে বহু বছর ধরে স্প্যানিশ ফুটবলের প্রতিনিধিত্ব করছে। তার ১৪৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যেটা মোটেই হেলা করার মতো নয়। তাই তার প্রতি আমাদের আরো শ্রদ্ধাশীল, বন্ধুসুলভ এবং উত্সাহব্যঞ্জক হওয়া উচিত বলেই আমি মনে করি।’ তবে ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আসরে জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ক্যাসিয়াসকে মাঠে নিজেকে প্রমাণ করতেই হবে। আর সেজন্যেই ক্যাসিয়াসকে নতুন ক্লাব খুঁজতে পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। ক্যাসিয়াসকে দলে ভেড়াতে এরই মধ্যে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের মতো ক্লাব। তবে আগামী দুই তারিখ ট্রান্সফার জানালা বন্ধ হবার আগে ক্যাসিয়াস কি করেন সেটি জানতে অপেক্ষা করতে হচ্ছে আরো কয়েকদিন।