মাদক নির্মূলে সব চেষ্টা চলবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:৩৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রণে সরকার সব ধরনের প্রচেষ্টা চলবে।  গতকাল বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয় ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’ এর মাধ্যমে মাদকবিরোধী প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। তাই আমরা সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক নিয়ন্ত্রণ আইনকে আমরা যথোপযুক্ত করেছি। আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখছে। মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে আমাদের দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। উন্নত দেশে উপনীত হতে হলে তরুণ ও যুবসমাজকে মাদকাশক্তি থেকে মুক্ত রাখতে হবে। ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’ যুক্ত এলইডি ডিসপ্লে দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে। এতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর নির্মিত মাদকবিরোধী বিভিন্ন শর্টফিল্ম, নাটক-নাটিকা, প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হবে। এছাড়া মাদক সংক্রান্ত সব ধরনের হালনাগাদ তথ্য এতে দেওয়া হবে। অনুষ্ঠানে সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক  জামাল উদ্দীন আহমেদও বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কিয়স্কের মাধ্যমে মাদক বিরোধী ডিজিটাল প্রচার কার্যক্রম উদ্বোধন করেন।