খিলগাঁওয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:২৫
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় এক কিশোরী গার্মেন্টকর্মী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার এ ঘটনার পর গতকাল বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে। ধর্ষক জহির খানকে গ্রেফতার করেছে পুলিশ। খিলগাঁও থানার এসআই আতোয়ার হোসেন জানান, মেরাদিয়ার নবীনবাগ এলাকার একটি বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকে ১৬ বছর বয়সী ওই গার্মেন্টকর্মী। মঙ্গলবার সকাল ১০টার দিকে সে একা নিজের ঘরে ঘুমিয়েছিল। এ সময় পাশের বাড়ীর বাসিন্দা জহির খান তার ঘরে প্রবেশ করে। কিশোরী ঘুম থেকে জেগে চিত্কার করায় তার মুখ চেপে ধরেন জহির। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। এদিকে মেয়েটির চিত্কারে আশেপাশের লোকজন সেখানে উপস্থিত হলে জহির পালিয়ে যান। পরে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। এ বিষয়ে মমলা হলে জহিরকে গ্রেফতার করে পুলিশ। মেয়েটিকে চিকিত্সার জন্য গতকাল দুপুরে ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।